প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই ধরনের টুর্নামেন্ট থেকেই বেড়িয়ে আসবে আগামী দিনের বাংলাদেশের বিশ্বকাপ ফুটবল খেলোয়াড়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বকাপ ফুটবলে খেলবে এবং সেই সকল খেলোয়াড় এই টুর্নামেন্টগুলো থেকেই বেরিয়ে আসবে।
প্রধানমন্ত্রী আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২২-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ প্রদানকালে এ কথা বলেন।
শেখ হাসিনা প্রকৃত মেধাবীদের খুঁজে বের করতে সারাদেশে আরো বেশি করে আন্তঃস্কুল, আন্তঃউপজেলা, আন্তঃজেলা, আন্তঃকলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, খেলাধূলার পাশাপাশি সংস্কৃতি চর্চা, গল্প, ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বই পড়ার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার্থীদের টেক্সটবইও পড়তে হবে।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে বাংলাদেশের মূল শক্তি হিসাবে উল্লেখ করে সেভাবে নিজেদেরকে যোগ্য করে তৈরি করতে ভালভাবে লেখা পড়ায় মনোনিবেশ করারও আহ্বান জানান।
তিনি বলেন, খেলাধূলা মানে শারিরীক ব্যায়াম, খেলাধূলা শারিরীক শক্তি যোগায় এবং উদার মন মানসিকতা গড়ে তোলে। পাশাপাশি, লেখা পড়ায়ও মনোনিবেশ করতে হবে। একটি স্বাধীন দেশের যোগ্য নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব টুর্নামেন্টে বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
আজ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে রংপুর বিভাগের পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ঢাকা বিভাগের বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।