ঘরের মাঠে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজে আইরিশদের উপর প্রভাব বিস্তার করে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছিলো বাংলাদেশ।
কিন্তু আসন্ন সিরিজটি ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় সেখানকার কন্ডিশনই আয়ারল্যান্ডের জন্য বড় শক্তি। এজন্যই তামিমের বিশ্বাস এটি ভিন্ন ম্যাচ হবে। তাই সিরিজে বাংলাদেশকে ফেভারিটের তকমা দিতে রাজি নন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো একটি ভিডিওতে তামিম বলেন, ‘ফেভারিট শব্দটি আমি খুব বেশি ব্যবহার করতে চাই না। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এবং ম্যাচ জিততে এসেছি। কিন্তু ক্রিকেটে আপনি আগের থেকে কিছুই বলতে পারবেন না। এই কন্ডিশনের সাথে তারা খুব ভালো দল ও বেশ পরিচিত।’
আজ মঙ্গলবার চেমসফোর্ডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় ৩টা ৩৫ মিনিটে খেলাটি শুরু হবে আর আইসিসি সরাসরি সম্প্রচার করবে তাদের অ্যাপে। আইসিসি সুপার লিগের অংশ সিরিজের বাকি দু’টি ম্যাচ একই ভেন্যু হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে।
গেল ২ মে ইংল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ দল। ৫ মে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একটি প্রস্ততি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু বৃষ্টির কারনে প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
পরিসংখ্যান অনুযায়ী, টাইগারদের সাথে আয়ারল্যান্ডের পার্থক্য বিস্তর । এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ৯টিতে জয় ও ২টিতে হেরেছে বাংলাদেশ। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।