নভেম্বর ৯, ২০২২, ০২:১৬ পিএম
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি পদে নিয়োগ পেয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
মঙ্গলবার (৮ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রায় দেড় যুগ পর গত জুলাই মাসে টেনিস ফেডারেশনে নির্বাচিত হয়েছে নতুন কমিটি। দায়িত্ব নেয়ার অল্পদিনের মধ্যেই সংস্কারের মাধ্যমে পাল্টেছে জরাজীর্ণ টেনিসের চেহারা। প্রায় ঝিমিয়ে পড়া ফেডারেশন গত একশ দিনে দেশজুড়ে কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করেছে।
আগামী ছয় মাসে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে ঘরোয়া ও আন্তর্জাতিক আসর আয়োজনের মাধ্যমে টেনিসের জাগরণ চাইছেন বর্তমান কমিটির কর্তারা।
সোমবার (৭ নভেম্বর) টেনিস কমপ্লেক্সের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আগামী বছরের কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার।
সাধারণ সম্পাদক আবু সাঈদ জানান, আগামী ছয় মাসের মধ্যে আমরা নানা আন্তর্জাতিক আসরের আয়োজন করতে যাচ্ছি। যার মধ্যে জানুয়ারিতে আইটিএফ এশিয়ান অ-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ, ফেব্রুয়ারিতে বিশ্ব জুনিয়র অ-১৪ টেনিস, একই মাসে জুনিয়র ডেভিস কাপ ও বিলি জিন কিং কাপ অ-১৬, জুনিয়র বিশ্ব টেনিস সিরিজ, আইটিএফ সিনিয়র মাস্টার্স কাপ এবং আইটিএফ অ-১২ সাউথ এশিয়ান দলগত প্রতিযোগিতা রয়েছে।
এছাড়াও আগামী জুন পর্যন্ত ঘরোয়া আসরের মধ্যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তঃস্কুল টেনিস, জুনিয়র টেনিস এবং টেনিস উৎসব হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ সভাপতি জসিমউদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম এবং সদস্য শেখ মো. আসলাম।