বিশ্বকাপে ভালো কিছুর আশা করছে বাংলাদেশ। সেটা হতে পারে বিশ্বকাপ জয়ও। এই আশার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
আজ মিরপুরে সুজন বলেছেন, ‘আমাদের লক্ষ্য টি-টোয়েন্টিতে উন্নতি করছি কি না। ছেলেদের মাথায় এই সংস্করণটা ছড়িয়ে দিতে চাই। অনেকে আমাদের তাচ্ছিল্য করে এই সংস্করণের কারণে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে অবশ্যই ভালো করার। আমি নিজে ইতিবাচক মানুষ, তাই ইতিবাচক থাকার চেষ্টা করি সব সময়। আমি মনে করি, বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা। যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। হয়তো ছয় মাস কিংবা এক বছর সময় লাগবে।’
বিশ্বকাপের আগে আগামী মাসে নিউজিল্যান্ডে পাকিস্তানসহ একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে সাকিব আল হাসানের দল। মূলত এখান থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি চায় বাংলাদেশ। সেখানে ব্যাটারদের কাছ থেকে ভয়ডরহীন ক্রিকেট দেখতে চান সুজন।