এশিয়া কাপের আয়োজন ঘিরে ভারতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। পাকিস্তানের হাইব্রিড মডেলে তারা সম্মতি দেয়নি। ফলে এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব যে পাকিস্তান পাবে না, তা এক প্রকার নিশ্চিত। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তুলোধনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি।
পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘কোথায় কেমন আবহাওয়া সেটা দেখে ক্রিকেটাররা খেলে না। পেশাদার ক্রিকেটারদের কাজই হল আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। সকাল ১০টাতেও আমরা শারজায় খেলেছি। এই পরিস্থিতিতেই তো এক জন ক্রিকেটারের ফিটনেসের পরীক্ষা হয়।’’ আফ্রিদির মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাটক করছে। তিনি বলেছেন, ‘গরম কোনও যুক্তি নয়। এটা নাটক। আরব আমিরাতে না খেলতে চাওয়ার অন্য কোনও কারণ থাকতেই পারে। সেটাই ওদের বলা উচিত। গরমের যুক্তি খুব বোকা বোকা।’
এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব এখনও পাকিস্তানেরই রয়েছে। কিন্তু সে দেশে ভারত খেলতে যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিসিআই। ভারতের এই মন্তব্যের পরে একটি হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেট্টি। সেই প্রস্তাব মানতে রাজি নয় শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। এই পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক আধিকারিক জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে কাউন্সিলের বৈঠকে এশিয়া কাপের ভাগ্য নির্ধারিত হবে। তবে পাকিস্তানের কাছে এখন দু’টি রাস্তা খোলা। এক, ভারতের প্রস্তাব মতো অন্য কোনও দেশে খেলা। দুই, প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়া।