বাংলাদেশের প্রশংসায় আর্জেন্টাইন কোচ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২৩, ০৯:১৭ পিএম

বাংলাদেশের প্রশংসায় আর্জেন্টাইন কোচ

 

আগামী ১৩ থেকে ২১ মার্চ পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে (কাবাডি স্টেডিয়াম লাগোয়া) শুরু হবে ১২ জাতির তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড অংশ নিবে। টুর্নামেন্ট সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে দলগুলো। আজ বিকেল ৩টায় প্রথমবারের মতো অনুশীলনে অংশ নেয় আর্জেন্টিনা কাবাডি দল। প্রায় ঘণ্টা দুই অনুশীলন করেন কোচ রিকার্ডো আকুনিয়ার দল। অনুশীলন শেষে কথা বলেন আর্জেন্টাইন কোচ। প্রথমবারের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিতে পেরে দারুণ খুশি রিকোর্ডো।

বাংলাদেশের আতিথেয়তাতেও মুগ্ধ তিনি। খাবারসহ আবাসন সব বিষয়েই মুগ্ধতা ঝরেছে কোচের কণ্ঠে। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে আর্জেন্টাইনরা। রিকোর্ডো বলেন, ‘বাংলাদেশের আবহাওয়া খুবই উতপ্ত। বাতাসে অনেক বেশি আদ্রতা। অবশ্য আর্জেন্টিনাতেও এখন গ্রীষ্মকাল। বাংলাদেশের আবহাওয়ার মতোই। গরম হলেও আবহাওয়া একেবারে মন্দ নয়।

ম্যাচ ভেন্যু সব কিছু পর্যবেক্ষণ করেছেন রিকোর্ডো। বলেন, ‘টুর্নামেন্টের প্রধান ভেন্যু দেখলাম। খুবই সুন্দর। আতিথেয়তাসহ সব কিছুই সুন্দর। এই টুর্নামেন্টে খেলতে আসার আগে আর্জেন্টিনা তিন মাস অনুশীলন করেছে। দলের একজন ইনজুরি আক্রান্ত। বাকিরা সবাই ঠিকঠাক আছেন। ম্যাচে ইনজুরি আক্রান্ত প্লেয়ার খেলতে পারবে কিনা সেটা ডাক্তার দেখার পর বলতে পারব।’

আর্জেন্টিনার এটি কাবাডি দল হলেও অনেক প্লেয়ার মেসি, মার্টিনেজদের নামাঙ্কিত জার্সি গায়ে অনুশীলন করেছেন। কাবাডি প্লেয়াররা কেন ফুটবলারদের নামাঙ্কিত জার্সি পড়েছেন এর ব্যাখ্যায় রিকোর্ডো বলেছেন, ‘আর্জেন্টিনার ফুটবলারদের নামে জার্সি গায়ে দেয়ার কারণ আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবলারদের পাশাপাশি কাবাডিসহ দেশের সব মানুষ এতে ভীষণ খুশি। বাংলাদেশে আমাদের সময়টা দারুণ কাটছে। বাংলাদেশিরা আমাদের খুবই ভালোবাসেন। আমরাও তাদের ভালোবাসি। প্রত্যাশা করছি ম্যাচের দিনগুলোতে বাংলাদেশি সাপোর্টারদের পাব; যারা আমাদের সমর্থনে গ্যালারিতে গলা ফাটাবেন।

প্রথমবারের মতো কাবাডি প্লেয়াররা বাংলাদেশে খেলতে এসেছে। এই টুর্নামেন্টে তাই খুব বড় প্রত্যাশা করছেন না রিকার্ডো। এক/দুই ম্যাচ জিতলে পারলেই তিনি খুশি। তবে টুর্নামেন্টে ফেবারিট হিসেবে দেখছেন স্বাগতিক বাংলাদেশকে।

Link copied!