পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান মুন্সিগঞ্জের মাওয়া ও মাদীপুরের শিবচরের কাঠালবাড়ীতে। আর আনন্দ-উৎসবে জেগে উঠেছে পুরো দেশের মানুষ। সেই আনন্দ থেকে বাইরে ছিল না দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আনন্দ ও উচ্ছ্বাস ছিল। সেখানেও কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
মিরপুরে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, ‘এই পদ্মা সেতু হলো দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে বাঙালির বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্নপূরণ। এটাতে কোনো সন্দেহ নেই, পদ্মা সেতু না হলে কি হতো? বিশ্বব্যাংক বন্ধ করে দিল, সবাই এটা নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করল। থেমেও তো যেতে পারত। তাতে হতোটা কি? এমন কত প্রকল্পই তো হয় না। এটা আমাদের জাতির জন্য লজ্জার একটা বিষয় হতো।’
পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনের জন্য বিশেষ আয়োজন ছিল বাফুফের। সকাল ১০ থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখিয়েছে বিভিন্ন টেলিভিশন। বাফুফে সেই উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছিল ফুটবল ভবনে।
পদ্মা সেতু চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, 'সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিকল্পনা, সিদ্ধান্ত দিয়ে স্বপ্নের পদ্মা সেতু চালু করেছেন। গোটা বাংলাদেশে যত বাঙালী আছে তারা আজ গর্বিত। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই তারা আমাদের জন্য যা করছে সেটা অতুলনীয়। এটা গোটা দেশবাসীর জন্য।'