রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির দুই গোলকিপার ভালই টের পেলেন। আক্রমণের ধারে কঠোর পরীক্ষা দিতে হলো তাকে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়াস জুনিয়রের বুলেট গোলে এগিয়ে যাওয়ার পর ড্র মেনে নেওয়া কঠিন রিয়াল মাদ্রিদের জন্য। যদিও কেভিন ডি ব্রুইনের গোলটিও আরেকটি বুলেট গতির শটেই এসেছে। তারপরেও কুর্তোয়া ও এডারসন গোলবারে ভাল পরীক্ষা দিয়েছেন।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালটিতে চমৎকার লড়াই হয়েছে। প্রথম লেগে ফল ১-১ সমতা। ফিরতি লেগের খেলা ম্যানচেস্টারের ইতিহাদে। আরো ৯০ মিনিট কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
ম্যাচের ৩৬ মিনিটে কামাভিঙ্গার সেটাআপ থেকে গোল করেন ভিনিসিয়াস। ৬৭ মিনিটে সে গোলটি শোধ করে দেন কেভিন ডি ব্রুইন। বেনজেমা ভাল সুযোগ পেলেও কাজে লাগেনি। আর সিটির দুরন্ত গতির ফুটবলার আরলিং হালান্ড সেভাবে জ্বলে উঠতে পারেননি।