বিলবোর্ডে আহত ঋতুপর্ণা এখন বাফুফে ভবনে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২২, ০৭:০০ পিএম

বিলবোর্ডে আহত ঋতুপর্ণা এখন বাফুফে ভবনে

আনন্দ উৎসব ও স্বপ্ন পূরণের দিনে দুঃসংবাদ পেতে হলো ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে। রাস্তায় থাকা বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছেন তিনি। এরপর অবশ্য চিকিৎসা নিয়ে বাফুফে ভবনে ফিরেছেন এই ফুটবলার।

মাথায় দেয়া হয়েছে তিন সেলাই 

বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। সেখান থেকে মতিঝিল যাওয়ার পথে হোটেল রেডিসনের সামনে বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছেন ঋতুপর্ণা। তখনই অবস্থায় টিম বাস থেকে নামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে তিনটি সেলাই। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক ফুটবলার তহুরা খাতুন। তিনি বলেন, ‘ঋতুপর্ণাকে অ্যাম্বুলেন্সে করে বাফুফে ভবনে নেওয়া হচ্ছে। ঋতুপর্ণার সাথেই আছি আমি। ’

ভক্তদের ভীড়ে সাবিনাদের অপেক্ষা

এর আগে দুপুর দুইটার দিকে বিমানবন্দরে নামলেও সব আনুষ্ঠানিকতা শেষ করতে বিকেল সাড়ে ৩টা বেজে যায়। ততক্ষণে ভিআইপি টার্মিনালের বাইরে অপেক্ষমান হাজারো ফুটবলভক্ত। কেউ ফুল নিয়ে, কেউ ফোন নিয়ে সাবিনাদের অপেক্ষায়। বাইরে ব্যান্ড পার্টির বাদ্যের তালে চলেছে উচ্ছ্বাসের বিচ্ছুরণ। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মেয়েদের ফুল আর উত্তরীয় পরিয়ে স্বাগত জানান যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা।  

Link copied!