এশিয়ান জোনাল দাবায় ওপেন বিভাগে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মহিলা বিভাগে জান্নাতুল ফেরদৌস চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টটি বিশ্বকাপ বাছাইয়ের হওয়ায় দুজনেই আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় বিশ্বকাপ দাবায় বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন।
ফাহাদের এটি দ্বিতীয় ও জান্নাতের প্রথম বিশ্বকাপ হবে। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াও একটি আইএম নর্ম পেছনে। বুধবার পুর্বানী হোটেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের নয় রাউন্ড খেলা শেষে সাত পয়েন্ট নিয়ে ফাহাদ চ্যাম্পিয়ন হন। মহিলা বিভাগে ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস শেষ রাউন্ডে ড্র করে চ্যাম্পিয়ন হন। আরও একটি বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়া ফাহাদ বলেন, ‘ইউরোপের কিছু টুর্নামেন্ট খেলায় আমার মধ্যে ধারাবাহিকতা বেশি ছিল।
অনেকটা সহজেই টুর্নামেন্টে প্রথম হলাম।’ তবে এই টুর্নামেন্টে জিএম সংখ্যা কম ও গড় রেটিং কম থাকায় জিএম নর্ম হওয়ার সুযোগ ছিল না। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া জান্নাতুল খুশি। তার কথায়, ‘আসলে এই টুর্নামেন্ট খেলারই কথা ছিল না। টেস্ট পরীক্ষা পেছানোয় খেলতে পেরেছি। এখনতো বিশ্বকাপেও যাব।’জিএম নর্ম না হলেও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার একটি আইএম নর্ম হয়েছে। শেষ রাউন্ডে ফিদে মাস্টার শেখ নাসিরকে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে এই নর্ম অর্জন করেন তাহসিন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ। এ সময় সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ ও ডেভেলপমেন্ট পার্টনার ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।