আগস্ট ১২, ২০২২, ১২:২৩ এএম
এবার আর মৌখিকভাবে নয়, চিঠি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সাকিব আল হাসান জানিয়ে দিয়েছেন তিনি অনলাইন বেটিং সাইট বেটউইনারের প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন।
বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজ। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ। কিন্তু কোনও কিছুর তোয়াক্কা না করে সাকিব এই বেটিং কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন।
এতে বেজায় চটে যায় বিসিবি। বিসিবি চলতি সপ্তাহে সাকিবকে সেই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার কথা বলেছিল। কিন্তু সাকিব নিজের সিদ্ধান্তে অটল থাকায় হার্ড লাইনে চলে যায় বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন বলেন, বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বিসিবি।চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপের দলেও সাকিবকে রাখা হবে না বলে জানান বিসিবি সভাপতি।
বিসিবির এ সিদ্ধান্তে বৃহস্পতিবার মৌখিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশ্বসেরা এই অলরাউন্ডার জানান, তিনি চুক্তি বাতিল করছেন।
তবে বিসিবি লিখিতভাবে চুক্তি বাতিলের কথা জানাতে বলেন। সে অনুযায়ী সাকিব চিঠিও দিয়েছেন। বিষয়টি অনলাইন নিউজ পোর্টাল রািইজিংবিডি ডটকমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।