২০৯ রানের কঠিন লক্ষ্য। তবু সাউদি-বোল্টদের তোপ সামলে অনেকটা সময় পর্যন্ত লড়াই চালিয়ে গেছে বাংলাদেশ। সাকিব আল হাসান যেভাবে খেলেছেন, আরেকজন ব্যাটার এমন খেলতে পারলে হয়তো ভিন্ন কিছুই হতো।
কিন্তু সেই কাজটা কেউ করতে পারলেন না। ফলে অধিনায়কের লড়াইয়ের পরও নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। তাতে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো টাইগারদের।
কিউই ফাস্ট বোলার মিলন ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে আজ ৩ উইকেট নিলেন। তার গতি সামলাতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ ব্যাটসম্যানদের। এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু।
বেশ কিছুক্ষণ ধরেই প্রয়োজনীয় রান রেট নাগালের প্রায় বাইরেই চলে গেছে, তবে সাকিব লড়াই করছিলেন। বাংলাদেশ অধিনায়ক ৪৪ বলে ৭০ রানের ইনিংসে মেরেছেন ৮টি চার, ১টি ছক্কা। রান তাড়ায় নেমে দুইবার বেঁচে গিয়েও ১২ বলে ১১ করেন শান্ত। বোল্ড হন মিলনের বলে। লিটন দারুণ কিছু শট খেলে হন ব্রেসওয়েলের শিকার। ১৬ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৩ করেন ডানহাতি এই ব্যাটার। পাওয়ার প্লের ৬ ওভারে তবু ২ উইকেটে ৫২ রানের ভালো সংগ্রহ পায় বাংলাদেশ।
এর আগে গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের জোড়া অর্ধশতকে বাংলাদেশের সামনে ২০৯ রানের বিশাল টার্গেট দাঁড় করান স্বাগতিক নিউজিল্যান্ড।
ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। তাই ফাইনালে খেলার আর কোনো সম্ভাবনা রইলো না সাকিবদের। পাকিস্তান তিন ম্যাচে দুটিতে জিতেছে, আর ৪ ম্যাচে কিউইদের জয় তিনটি। শুক্রবার ফাইনালে লড়বে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামীকাল বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের।