মরগ্যানের অবসরের গুঞ্জন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২২, ০৮:২২ পিএম

মরগ্যানের অবসরের গুঞ্জন

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ২০১৯ বিশ^কাপ জয়ী অধিনায়ক এউইন মরগ্যান। জস বাটলারকে ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে। টি-টোয়েন্টিতেও তাঁকেই অধিনায়ক করা হবে কি না, তা অবশ্য নিশ্চিত নয়।

সাম্প্রতিক কালে একেবারেই ছন্দে দেখা যায়নি মরগ্যানকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজে যখন বাটলার, জেসন রয়রা তান্ডবনৃত্য করেছেন, তখন মরগ্যান দু’টি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। সাদা বলের ক্রিকেটে শেষ ২৮টি ম্যাচে মাত্র দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর। নেদারল্যান্ডস সিরিজের আগেই তিনি বলেছিলেন, “যদি মনে করি ভাল খেলতে পারছি না বা দলের জন্যে অবদান রাখতে পারছি না, তা হলে খেলা ছেড়ে দেব।” নিজের কথাই হয়তো রাখতে চলেছেন তিনি। প্রসঙ্গত, এ বারের আইপিএল নিলামেও তাঁকে কেউ কেনেনি। আগে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের। শেষ দেড় বছর অধিনায়ক ছিলেন।

অবসর নিলেও মরগ্যান ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে কালজয়ী অধিনায়ক হিসাবেই থেকে যাবেন। ২০১৫ বিশ্বকাপের আগে অ্যালিস্টার কুকের থেকে নেতৃত্ব নিয়েছিলেন তিনি। সেই বিশ্বকাপে ইংল্যান্ড খুব খারাপ ভাবে শেষ করে। তার পরেই দলের ভোল বদলে যায়। রক্ষনাাত্মক খোলস ছেড়ে ইংল্যান্ড অনেক বেশি আক্রমণাত্মক, ভয়ডরহীন ক্রিকেট খেলতে শুরু করে। মরগ্যান পাশে পান রয়, বাটলার, জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটারকে। ফলও মেলে। ২০১৯-এ নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম বার এক দিনের ক্রিকেট বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।

 

 

Link copied!