আগামী মার্চে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছেন আইরিশরা। সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথমে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮ মার্চ মাঠে গড়াবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে- ২০ ও ২৩ মার্চ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে ২৯ ও ৩১ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্ট ম্যাচ শুরু হবে ৪ এপ্রিল।