ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে আগামী ১৬ সেপ্টেম্বর একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। মূলত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লিজেন্ড ক্রিকেট লিগ টুর্নামেন্ট। তার আগে এই বিশেষ প্রীতি ম্যাচের আয়োজনের করা হয়েছে।
ঐ ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসের দলে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়ার্ল্ড জায়ান্টসকে নেতৃত্ব দিবেন ২০১৯ ওয়ানডে বিশ^কাপ জয়ী ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এউইন মরগান। আর ইন্ডিয়া মহারাজাসকে নেতৃত্ব দিবেন ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এখন মাশরাফি সে ম্যাচে খেলবেন কিনা সেটা নিয়ে গুঞ্জন রয়েছে। এখনো নিশ্চিত হওয়া যায়নি অবশ্য।
ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের ম্যাচটি কলকতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের ১৬ জনের দল ঘোষণা করেছে আয়োজকরা। ওয়ার্ল্ড জায়ান্টসে মাশরাফি-মরগান ছাড়াও খেলবেন হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন, ব্রেট লিট, ডেল স্টেইনেরদের মত তারকারা। ইন্ডিয়া মহারাজাস দলে দেখা যাবে অজয় জাদেজা, বীরেন্দর শেবাগ, ইউসুফ পাঠান, হরভজন সিংদের।