অবশেষে রিয়াল মাদ্রিদ মিরাকল ঘটাতে পারল না। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির দাপুটে ফুটবলে গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার সেমিফাইনাল থেকে বিদায় নিল। বার্নাডো সিলভার জোড়া গোলে সেমির দ্বিতীয় লেগে ৪-০ গোলে জয়। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে ফাইনালে সিটি। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইন্টারমিলান।
মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে সেমি ফাইনালের প্রথম লেগটি ১-১ গোলে ড্র হয়েছিল। সে লেগে রিয়ালের হয়ে ভিনিসিয়াস জুনিয়র গোল করেন। আর শোধ করে দেন সিটির কেভিন ডি ব্রুইন।
ম্যানসিটি এ ম্যাচে প্রথম থেকেই চাপ প্রয়োগ করে। ম্যাচের ২৩ ও ৩৭ মিনিটে গোল করেন সিটির বার্নাডো সিলভা। পরের অর্ধে এডার মিলিতাও আত্মঘাতি গোল করেন। আর চতুর্থ গোলটি করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আরেক নায়ক জুয়ান আলভারেজ।
১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বিদায় নিল। কোচ কার্লো আনচেলত্তি এই দলকে অনেক দিয়েছেন। আর থাকবেন কিনা সেটাই দেখার বিষয়।
১০ জুন ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামে ম্যানসিটি আর ইন্টারমিলান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলবে। ইন্টার ২০১০ সালে শিরোপা জিতেছে। আর ম্যানসিটি এখনো শিরোপাশূন্য।