সৌদি আরবের ক্লাব আল হিলালকে ফাইনালে ৫-৩ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপে এটা রিয়ালের রেকর্ড পঞ্চম শিরোপা।
মরক্কোতে অনুষ্ঠিত ফাইনালে ভিনিসিয়াস জুনিয়র ও ফেডে ভালভার্দে দুটি করে গোল করেছেন। এছাড়া স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন করিম বেনজেমা। ইনজুরি কাটিয়ে দলে ফিরে বেনজেমা গোল করার কৃতিত্ব দেখালেন। কার্লো আনচেলত্তির দল কাল অল আউট ফুটবল খেলে প্রতিপক্ষের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলো। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী হিসেবে ক্লাব বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল গ্যালাকটিকোরা। রাবাতের প্রিন্স মোলে আব্দেল্লাহ স্টেডিয়ামে এই শিরোপা জয়ের মাধ্যমে মৌসুমে দ্বিতীয় ট্রফি ঘরে তুললো আনচেলত্তির দল। এর আগে আগস্টে ইউরোপীয়ান সুপার কাপ জয় করেছিল রিয়াল।