ইউরোপা লিগের সেমিফাইনালে আত্মবিশ্বাসী জয় পেয়েছে হোসে মরিনহোর রোমা। প্রথম লেগের খেলায় বৃহস্পতিবার তারা ১-০ গোলে হারায় বায়ার লেভারকুসেনকে। রোমার হয়ে এ ম্যাচে জয়সূচক গোলটি করেন এডোয়ার্ডো বোভে।
অন্যদিকে আরেক ইতালির ক্লাব জুভেন্টাস শেষ সময়ে হার এড়িয়েছে। ১-১ গোলে ড্র করেছে তারা সেভিয়ার সঙ্গে। সেভিয়ার ইউসুফ এন নেসরি ২৬ মিনিটে গোল করেন। যোগ করা সময়ে (৯০+৭) জুভেন্টাসকে ম্যাচে সমতা এনে দেন ফ্রেডিরিকো গাত্তি।
ইউরোপা লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলাটি ১৮ মে অনুষ্ঠিত হবে। ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোতে লেভারকুজেনকে গতরাতে আতিথেয়তা দেয় রোমা। এই ম্যাচে পাওলো দিবালাকে ছাড়া একাদশ সাজান হোসে মরিনহো। ভরসা রেখেছিলেন সেন্টার ফরওয়ার্ড টাম্মি আবরামের ওপর। ইংল্যান্ডের এই ফুটবলার গোল না পেলেও ম্যাচে দারুণ খেলেছেন।
তবে বল দখলে এগিয়ে ছিল লেভারকুজেন। গোলের দুটি সুযোগও পেয়েছিল জার্মান ক্লাবটি, যদিও তা কাজে লাগাতে পারেনি। ম্যাচের দুই মিনিটের মাথায় ১-০-তে এগিয়ে যেতে পারত দলটি। রোমার গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে রবার্তো অ্যানরিখের নেওয়া শটটি ফিরিয়ে দেন।