রোমায় গতকাল পাওলো দিবালাকে হাজার হাজার সমর্থক বরণ করে নিয়েছেন। গ্যালারিতে যেভাবে আতশবাজি নিয়ে হাজির হন। সেভাবে তারা দিবালাকে বরণ করে নিয়েছে।
তিন বছরের চুক্তিতে জুভেন্টাস থেকে গত সপ্তাহে ইতালিয়ান জায়ান্ট রোমায় যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। সিরি-এ ক্লাবটিতের যোগ দেবার পর প্রথম সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা দিয়ে রোমার তরুন দলটিকে এগিয়ে নিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেছেন দিবালা।
ইউরোপা কনফারেন্স লিগ জয়ী রোমা গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করেছে। জুভেন্টাসের সাথে চুক্তি শেষ করেই দিবালা রোমে এসেছেন।
দিবালা ছাড়াও ৩৩ বছর বয়সী সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডর মিডফিল্ডার নেমাঞ্জা মাটিচকেও এবারের গ্রীষ্মে দলে টেনেছেন রোমা কোচ হোসে মরিনহো।
২৮ বছর বয়সী দিবালা ২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে যোগ দেবার পর তুরিনের জায়ান্ট ক্লাবটির হয়ে সাত বছরে বেশ কয়েকটি শিরোপা জয় করেছেন। কিন্তু ইনজুরির কারনে গত দুই মৌসুম ধরে নিজেকে মেলে ধরতে পারছেন না। সংবাদ সম্মেলনে দিবালা বলেন, ‘জুভেন্টাসে এত বছর খেলার পর অবশ্যই আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। এই দলটির মধ্যে সবসময়ই জয়ের ক্ষুধা রয়েছে। প্রথম দিনের পর থেকে প্রতিটি দিনই এখানে প্রতিটি খেলোয়াড়ের একটু একটু করে পরিবর্তন হতে থাকে। রোমাতে আমি নিজের সর্বোচ্চ দেবার চেষ্টা করবো। নিজের এতদিনের অভিজ্ঞতা কাজে লাগাবো। বিশেষ করে এখনকার দলটি বেশ তরুন, তাদের মধ্যে জয়ের মানসিকতা গড়ে তোলার জন্য সহযোগিতা করতে হবে। সবাইকে ইতিবাচক থেকে কঠিন সময় পার করতে হবে।’