রোহিত শর্মার সেঞ্চুরির পর রবিন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের জোড়া হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে স্বাগতিক ভারত।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৭৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৩২১ রান করেছে ভারত। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ১৪৪ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। রোহিত ১২০ রানে আউট হলেও, জাদেজা ৬৬ ও প্যাটেল ৫২ রানে অপরাজিত আছেন।
জাদেজার ৫ উইকেট শিকারে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের ইনিংস শুরু করে দিন শেষে ১ উইকেটে ৭৭ রান করেছিলো ভারত। ৯ উইকেট হাতে নিয়ে ১০০ রানে পিছিয়ে ছিলো টিম ইন্ডিয়া। ৫৬ রানে অপরাজিত ছিলেন রোহিত। আগের দিন ২০ রান করে অস্ট্রেলিয়ার টড মারফির বলে আউট হয়েছিলেন ওপেনার লোকেশ রাহুল।