লড়াইয়ের পরও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২২, ১১:৩৭ এএম

লড়াইয়ের পরও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তীরে এসে তরী ডোবা বুঝি একেই বলে। ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে এসে আরও একবার হারতে হল বাংলাদেশকে। ঢাকা টেস্টে জয়ের খুব কাছে গিয়েও ৩ উইকেটে হারল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে এর আগে কখনও টেস্ট জেতেনি বাংলাদেশ। দলকে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে নিয়ে এসেছিলেন সাকিব-মিরাজরা। ১৪৫ তাড়া করতে গিয়ে যে ৭৪ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল ভারত।

অষ্টম উইকেটে শ্রেয়াস আইয়ার আর রবিচন্দ্রন অশ্বিন অবিচ্ছিন্ন ৭১ রানের জুটিতে ঠাণ্ডা মাথায় জয় বের করে নিয়ে এসেছেন।

মাঠে এদিন ভারতের পক্ষে ছিলেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি শ্রেয়াস আইয়ার। তবে তিনিই যেন নীরব দর্শক হয়ে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনের সামনে। ব্যাটিং করতে নেমে শুরুতে কিছুটা খাবি খাচ্ছিলেন অশ্বিন। সেই অশ্বিন যখন মুমিনুল হকের ক্যাচ মিসে জীবন পেলেন।

এরপর একাই ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশি বোলারদের উপর। তার অসাধারণ ব্যাটিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে আরেকটি টেস্ট হার নিয়ে মাঠ ছাড়লো সাকিব আল হাসানের দল।

মিরপুর শেরে বাংলায় রোমাঞ্চ ছড়ানো এই টেস্টে চতুর্থ দিনের সকালে এসে ৩ উইকেটের জয় পেয়েছে ভারত। দুই ম্যাচের সিরিজ তারা জিতেছে ২-০ ব্যবধানে।

Link copied!