শচিনের রেকর্ড পথে আবার যাত্রা কোহলির!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৩, ০৯:০০ পিএম

শচিনের রেকর্ড পথে আবার যাত্রা কোহলির!

বিরাট কোহলির ওপর মানুষের প্রচন্ড বিশ্বাস ছিল। সবাই ভেবেছিলেন শচিন টেন্ডুলকারের সব রেকর্ড  তিনি ভেঙে দেবেন। সময় সমান যায় না। কোহলিও মানুষ সেটা প্রমাণ করার জন্য গত দুবছর ফর্মে  ছিলেন না যেন। আবার ট্র্যাকে ফিরেছেন তিনি। 

ঘরের মাঠে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচিনের শতরানের সংখ্যা ২০টি। ঘরের মাঠে ১৬৪টি এক দিনের ম্যাচ খেলেছিলেন শচিন। তাঁর এই বিশ্বরেকর্ড থেকে মাত্র একটি শতরান দূরে ছিলেন কোহলি। গুয়াহাটিতে শচিনের নজির স্পর্শ করলেন তিনি। দেশের মাটিতে ২০টি শতরান হল ভারতের প্রাক্তন অধিনায়কের। তার জন্য শচিনের থেকে অনেক কম ১০২টি ম্যাচ নিয়েছেন তিনি।

শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছে ভারত। জয়ের পথে ছিল কোহলিরা। এ ম্যাচে কোহলি ৮৭ বলে ১১৩ রান করেন। এটি ওয়ানডে ক্যারিয়ারে তার ৪৫তম সেঞ্চুরি। শচিনের ওয়ানডে সেঞ্চুরি ৪৯টি। আর ৫টি সেঞ্চুরি দরকার কোহলির। 

Link copied!