নেপাল, ভারত, ইরান, ফিলিপাইন ও বাংলাদেশের সেরা পেশাদার বক্সারদের নিয়ে কোর্টে গড়ালো 'ভাইয়া হাউজিং লিমেটেড ইন্টারন্যাশনাল বক্সিং নকআউট চ্যালেঞ্জ।
শনিবার বিকাল ৪ টায় যমুনা ফিউচার পার্কের ইস্টকোর্টে বাংলাদেশ পেশাদার বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসাদুজ্জামানের উপস্থাপনায় পাঁচ দেশের সেরা পেশাদার বক্সিংয়ের এ আসরের উদ্বোধন করেন যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম। ভাইয়া হাউজিং এর প্রধান মার্কেটিং অফিসার চৌধুরী মাহমুদ আলী এ সময় উপস্থিত ছিলেন। প্রথম বাউট শেষে ভাইয়া হাউজিং এর সময় সহকারী ব্যবস্থাপক শাহ মোরসালিন রাকিব দর্শকদের উদ্দেশে একটি বিশেষ অফার ঘোষণা করেন। এই ইভেন্টে কেউ যদি একটি প্লট বুকিং করেন তাহলে কাঠা প্রতি ১ লাখ টাকা করে ছাড় দেয়া হবে।
দিনব্যাপী ৮টি বাউটের খেলা অনুষ্ঠিত হচ্ছে তারমধ্যে দুটি মেয়েদের ও ছয়টি পুরুষদের। এরমধ্যে দুই বাউট অনুষ্ঠিত হয়েছে। প্রথম বাউটে মুখোমুখি হন বাংলাদেশের আমিনুল ইসলাম ও ভারতের বান্টি সিং। এ বাউটে আমিনুল ইসলামকে হারান বান্টি।
দ্বিতীয় বাউটে বাংলাদেশের মোহন আলীর কাছে হারেন নেপালের পুরান রায়। মেয়েদের প্রথম বাউটেই বাংলাদেশের সাদিয়া ইসলামকে হারান বাংলাদেশের আরেক বক্সার শামিমা জান্নাত।
শামিমা জান্নাত বলেন, আমার আসলে স্টেমিনা একটু কম। তাই আমি কোচের সঙ্গে বারবার আলাপ করে নিচ্ছিলাম।
এরপর আরো ৫ টি বাউট অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আবদুল মোতালেব নেপালের অজিত মাগার, বাংলাদেশের জয়নুল ইসলাম ভারতের ধর্মেন্দ্রর, বাংলাদেশের নুর নাসিব ভারতের পঙ্কজ বিসাতের, বাংলাদেশের হাসান শিকদার ফিলিপাইনের জন রে’র এবং ইরানের পুনেহ আক্তার বার লড়বেন ভারতের সুশীলা বিরাতের সঙ্গে।
দেশি পাঁচজন জাজ ও তিনজন রেফারি বাউটগুলো পরিচালনা করছেন। পরে অনুষ্ঠান স্থলে আরো উপস্থিত ছিলেন চিত্র নায়িকা নিপুন আক্তার, সাবেক ফুটবলার কায়সার হামিদ, বাংলাদেশ বুথ্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ম্যাক ইউরি এবং ভাইয়া গ্রুপের এমডি মারুফ সাত্তার আলী রাসেল।