ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও জিটিভিতে।
বাংলাদেশ ফিরতে চায় শক্তিশালী রূপে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন ভাবনাই জানিয়েছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। তিনি বলেন, ‘পরাজিত দলে থাকাটা সহজ কিছু নয়। তবে এটা খেলারই অংশ। আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে আছি। বিশেষ করে আমার মনে হয়েছে, প্রতিপক্ষ ব্যাটাররা যখন ভালো খেলতে শুরু করবে, আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে। কখনো আপনাকে আক্রমণে যাওয়া উচিত হবে না, রক্ষণাত্মক খেলতে হবে। কখনো কখনো রক্ষণাত্মক কৌশলটাই হবে আক্রমণের। এই বিষয়গুলো আত্মস্থ করতে হবে আমাদের।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের একাদশে কিছু পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে দারুন ব্যাট করেছে ইংল্যান্ডের টপ-অর্ডার ব্যাটার। চট্টগ্রামের উইকেট ব্যাটারদের জন্য সহায়ক হলে অবশ্যই তারা আনন্দিত হবে।
এখন পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এরমধ্যে ১৯টিতে জিতেছে ইংলিশরা। বাংলাদেশের জয় মাত্র ৪টিতে। একমাত্র টেস্ট প্লেয়িং দেশ হিসেবে এখনও বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারেনি ইংল্যান্ড।