শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও হারলো বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২, ২০২২, ০৬:১৬ পিএম

শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও হারলো বাংলাদেশ

বীরের মত শেষ পর্যন্ত লড়াই করেও জিততে পারলো না বাংলাদেশ। বৃষ্টির পর বদলে গেছে দৃশ্যপট। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। নুরুল হাসান সোহান ছক্কা মেরে শেষ মুহূর্তের সলতেটা যেন আরেকটু জাগিয়ে তুলেছিলেন; কিন্তু পারলেন না আর ৫ রানে হেরে গেলো বাংলাদেশ।

অ্যাডিলেড ওভালে বৃষ্টি আসার আগ পর্যন্ত তো বাংলাদেশের জয়ের সম্ভাবনাই ছিল শতভাগ; কিন্তু বৃষ্টি এসে সব গুলিয়ে দিলো। ডাকওয়ার্থ অ্যান্ড লুইস সাহেবের বৃষ্টি আইনে যখন বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো ১৬ ওভারে ১৫১, তখনও সম্ভাবনা ছিল।

কিন্তু বৃষ্টির পর বাংলাদেশ দলের এলোমেলো ব্যাটিং সেই সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিলো। শুরুতেই নাজমুল হোসেন শান্তর অমার্জনীয় ভুল সেই সম্ভাবনাকে মৃত্যুর পথে টেনে নিয়ে আসে। দ্বিতীয় রান নিতে গিয়ে লিটনকে রানআউট করালেন তিনি। নিজেও তেড়েফুঁড়ে খেলতে গিয়ে হলেন আউট।

শেষ মুহূর্তে শেষ সলতেটা জ্বালিয়ে তোলার চেষ্টা করেছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু ভারতীয়দের হিসেবি বোলিং তার সেই চেষ্টাকে সফল হতে দিলো না। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। এক ছক্কা এবং এক বাউন্ডারিসহ সোহান নিতে পারলেন ১৪ রান। যার ফলে বাংলাদেশ হেরে গেলো মাত্র ৫ রানের ব্যবধানে।

Link copied!