অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচ ১০ উইকেটে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে স্বাগতিক শ্রীলংকা। সিরিজ হার এড়াতে হলে, শুক্রবার থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয় পেতেই হবে লংকানদের। তবে মাঠের লড়াইয়ের আগে, মাঠের বাইরে করোনাভাইরাসের সাথে লড়তে হচ্ছে দলের ক্রিকেটারদের। করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলংকার আরও তিন ক্রিকেটার। তাই করোনার ধাক্কাকে সাথে নিয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে হবে শ্রীলংকাকে।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন বাঁ-হাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমা। আর পারফরমেন্সের কারনে দল থেকে বাদ পড়েন আরেক স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। তাই জয়াবিক্রমা ও এম্বুলদেনিয়ার পরিবর্তে অনিভজ্ঞ তিন স্পিনারকে দলে নিয়েছিলো শ্রীলংকা। তারা হলেন- মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে ও লাকসিথা মানসিংহে।
কিন্তু দ্বিতীয় টেস্টের আগের দিন করোনার কারনে আরও তিন ক্রিকেটারকে হারালো শ্রীলংকা। তারা হলেন- ধনাঞ্জয়া ডি সিলভা, আসিথা ফার্নান্দো ও জেফ্রি বন্দরসে। সিরিজ বাঁচানোর মিশনে নামার আগেই বড়সড় ধাক্কা খেল লংকানরা। এরমধ্যে খুশির খবরও আছে তাদের। করোনা থেকে সুস্থ হয়েছেন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস। প্রথম টেস্টের তৃতীয় দিন করোনায় আক্রান্ত হয়েছিলেন ম্যাথুজ। দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবেন তিনি।