গল টেস্টে জয় পেল শ্রীলংকা। রেকর্ডের দ্বিতীয় এই টেস্ট ম্যাচে ইনিংস ও ১০ রানের জয়ের পাশাপাশি সিরিজও মুঠোবন্দি করেছে দলটি। ২ টেস্টের সিরিজ। আর তারা ২-০ তেই জিতেছে।
১৯৮২ সালে টেস্ট যাত্রা শ্রীলংকার। সেই থেকে ৩১১ ম্যাচ খেলে ১০০ জয় পেয়েছে লঙ্কানরা। হার ১১৯টি ও ড্র ৯২টি। আয়ারল্যান্ডকে হারানোর পাশাপাশি তারা বিশাল অর্জনও পেল।
আইরিশদের ৪৯২ রানের জবাবে তিন উইকেটে ৭০৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। আজ শুক্রবার পঞ্চম ও শেষ দিন সফরকারী দলটি দ্বিতীয় ইনিংসে ২০২ রানে গুটিয়ে গেলে বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
ডাবল সেঞ্চুরি করেন নিশান মাদুক্ষা (২০৫) ও কুশল মেন্ডিস (২৪৫)। এছাড়া সেঞ্চুরি করেন দিমুথ করুনারত্নে (১১৫) ও অ্যাঞ্জেলো ম্যাথুস (১০০*)। টেস্ট ইতিহাসে এ নিয়ে মাত্র তৃতীয়বার শীর্ষ চার ব্যাটসম্যানই সেঞ্চুরি করলেন।