এবার ঢাকা ডমিনেটর্সের কাছে পরাজিত হয়েছে ফরচুন বরিশাল। সিলেটে আজ মঙ্গলবার সাকিবের দল হেরেছে ৫ উইকেটে। ৯ ম্যাচ খেলা বরিশালের এটি তৃতীয় হার। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে সাকিবরা। আর ঢাকা পেল তৃতীয় জয়ের স্বাদ। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নাসিররা।
শেষ তিন ম্যাচে ২ হার বরিশালের। সিলেট স্ট্রাইকার্সের কাছে ফিরতি ম্যাচে ২ রানে হেরে সিলেটে এসেছিলেন সাকিবরা। চায়ের দেশে নিজেদের প্রথম ম্যাচে বরিশালকে ৩ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছিলেন তারা। তবে ছন্দটা তারা ধরে রাখতে পারলেন না। ঢাকার কাছে হোঁচট খেলেন এবার সাকিবরা। উল্টো চিত্র অবশ্য নাসিরের দলের। শেষ তিন ম্যাচের দুটোতেই তারা জয় পেয়েছে। এর মধ্যে সিলেটে রংপুরের কাছে ৫ উইকেটে হারের পর বরিশালকে ৫ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে ঢাকা।
বরিশাল প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৬ রান করে। তারা মাঝারিমানের এই স্কোর পেয়েছে এনামুল বিজয় (৪২) ও মাহমুউল্লাহর ব্যাটে। আটে নেমে ৫ বলে ১ চার, ২ ছক্কায় ১৭ রানে টর্নেডো ইনিংস খেলেন করিম জানাত। রানতাড়ায় ১৮.৫ ওভারে জয় তুলে নেয় ঢাকা।
উদ্ধোধনী জুটিতে স্কোরকার্ডে ৭৪ রান যোগ করেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন জুটি। দুজনের ব্যাটই হেসেছে। সৌম্য ২২ বলে ৩৭ রানে আউট হন। তবে ফিফটি তুলে নেন মিঠুন। ৩৬ বলে ৫৪ রান করেন তিনি। এছাড়া আল মামুন ২৬, নাসির হোসেন ২০* ও অ্যালেক্স ব্ল্যাক ১৫ রানের ইনিংস খেলেন।
ব্যাট হাতে রান পাননি সাকিব। বরিশাল অধিনায়ক ৪ বলে ৫ রান করেন। তবে বল হাতে ভালোই করেছেন। ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়েছেন। সানজামুলের শিকার ৩৫ রানে ২ উইকেট।