সাকিব আল হাসানের ব্যাপারে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ।
বিসিবি সাকিবের সঙ্গে আলোচনা করে বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির বিষয়টি সমাধানের চেষ্টা করছে। অর্থাৎ সাকিবকে এই চুক্তি থেকে সরিয়ে নিয়ে আসা হবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন,‘ আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে আমাদের খেলোয়াড়, সেও বুঝবে বিষয়টা। এরকম বিতর্কিত বিষয়ে কেউ জড়িত হতে চায় না। অজান্তে হোক বা জেনেই হোক, হয়তো ভুলও হতে পারে। আমরা এটা সমাধান করার চেষ্টা করছি, আশা করি সমাধান হয়ে যাবে।’