সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) বেশ কয়েকটি গেটের নামকরণ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও ভারতের শচীন টেন্ডুলকারের নামে।
অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন এবং আর্থার মরিসের মত কিংবদন্তিদের মত একইভাবে আইকনিক এসসিজিতে সম্মানিত হলেন লারা-টেন্ডুলকার।
টেন্ডুলকারের ৫০তম জন্মদিন দিন ও সিডনির মাঠে লারার অবিস্মরনীয় ইনিংসের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গেটগুলোর নতুন নামকরণ করা হয়। এই মাঠে টেন্ডুলকার ও লারার অনেক অবিশ^াস্য ও অবিস্মরনীয় বেশ কিছু ইনিংস রয়েছে। এরমধ্যে ১৯৯৩ সালের ২ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ২৭৭ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন লারা। এ বছরই লারার সেই চিরস্মরণীয় ইনিংসটির ৩০ বছর পূর্তিও হয়েছে।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলছে, সফরকারী দলের ড্রেসিং রুমের পাশে নোবেল-ব্র্যাডম্যান-ম্যাসেঞ্জার স্ট্যান্ডের মাঝামাঝি অবস্থায় ‘লারা-টেন্ডুলকার’ গেটগুলো রয়েছে।