সিরিজ জেতার আশায় টস জিতে ফিল্ডিং নিল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২২, ০৬:৫৪ পিএম

সিরিজ জেতার আশায় টস জিতে ফিল্ডিং নিল বাংলাদেশ

গায়ানায় আজ টস জিতে ফিল্ডিং নিল বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজ। আজ জিতলে ১ ম্যাচ হাতে রেখে ওয়ানডে ম্যাচ নিশ্চিত করবেন তামিম ইকবালরা। বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। তাসকিনের জায়গায় মোসাদ্দেক এসেছেন দলে। 

প্রথম ওয়ানডে ম্যাচটি বাংলাদেশ ৬ উইকেটে জিতেছিল। ফলে ১-০ তে লিড নেয় তারা। বৃষ্টির জন্য ৪১ ওভারের ম্যাচ ছিল। ওয়েস্ট ইন্ডিজ সে ম্যাচে সুবিধা করতে পারেনি। 

ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্টে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ (বৃষ্টির কারনে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়)। হারের বৃত্তে থেকে বেড়িয়ে  জয় দিয়ে  ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। এই ফরম্যাট শুরু করেই  জয়ের দেখা পায় বর্তমানে ওয়ানডে ফরম্যাটে বিশে^র সেরা দলগুলোর একটি বাংলাদেশ। 

সিরিজের প্রথম ম্যাচে জয়টি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের টানা নবম ওয়ানডে জয় । এর চেয়ে শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ টানা ১৪ ওয়ানডে  ম্যাচে জয়ের রেকর্ড রয়েছে  বাংলাদেশ দলের।

দ্বিতীয় ম্যাচ জিততে পারলে  সিরিজের জয় নিশ্চিতের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টানা ম্যাচ জয়ের সংখ্যাটা দুই অংকে অর্থাৎ ১০-এ পৌঁছে যাবে।

২০১৮ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের কাছে কোন ওয়ানডে হারেনি বাংলাদেশ। এসময় টানা আটটি ওয়ানডে জিতেছে টাইগাররা। ঐ বছর যুক্তরাষ্ট্রে হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। এরপর ২০১৯ ও ২০২১ সালে দু’টি সিরিজ যথাক্রমে, ২-১ ও ৩-০ ব্যবধানে জিতে টাইগাররা। এসময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু, বহুজাতিক টুর্নামেন্ট বিশ^কাপ ও ত্রিদেশীয় সিরিজেও জয় পায় বাংলাদেশ। 

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪২টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জিতেছে ১৯টিতে, হেরেছে ২১টিতে। ২টি পরিত্যক্ত হয়। দু’বারের বিশ^ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়-হারের ব্যবধান কমানোর জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য ভালো সুযোগ।

বাংলাদেশ দল : তামিম, লিটন, শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ, নুরুল, মোসাদ্দেক, মেহেদী, নাসুম, মোস্তাফিজ, শরিফুল। 

ওয়েস্ট ইন্ডিজ : মায়ার্স, হোপ, ব্রুকস, কিং, পুরান, পাওয়েল, পল, শেফার্ড, আকিল, মোতি, জোসেফ। 

Link copied!