সুখবরের পাশাপাশি তোপের মুখেও পড়লেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২২, ০৮:০৯ পিএম

সুখবরের পাশাপাশি তোপের মুখেও পড়লেন সাকিব

বিসিবির বোর্ড সভার পর আশা করা হচ্ছিল, হয়তো নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। তবে এ ব্যাপারে এদিন সুনির্দিষ্ট কারো নাম না জানালেও বিসিবির রাডারে থাকা তিন জনের নাম জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। 

টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের কাছে তিনটা নাম আছে। রিয়াদ আছে। সাকিব তো থাকবেই। এছাড়া আগে থেকেই আছে লিটন। এখন আবার নতুন নাম যোগ হয়েছে সোহান। অনেকেই বলছে, সে ভবিষ্যতের জন্য ভালো হবে। একজন অধিনায়ক হলে আরেকজন তো সহ-অধিনায়ক হবে। এখানে কতগুলো ব্যাপার আছে, যাকেই বানাই না কেন, আগে তাঁর সঙ্গে তো কথা বলতে হবে। কিছু টার্মস এবং কন্ডিশন ঠিক করে নিতে হবে। এসবগুলো সবই বাকি আছে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অংশগ্রহণের জন্য আগ্রহী প্রতিষ্ঠানের নাম চেয়ে নিজেদের ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কোনোরকম বেটিং প্রতিষ্ঠান বা বেটিংয়ের সাথে জড়িত কেউ আবেদন করতে পারবেন না।

কাকতালীয়ভাবে সেদিন সন্ধ্যায়ই সাইপ্রাসভিত্তিক ম্যারিকিট হোল্ডিংসের মালিকানাধীন বেট উইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার খবর জানিয়েছেন সাকিব আল হাসান।

যেখানে বেটিং প্রতিষ্ঠান বিপিএলে নিষিদ্ধ বা দেশের আইনেও বেটিং নিষিদ্ধ, সেখানে বোর্ডের চুক্তিভুক্ত কোনো খেলোয়াড় কি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারেন? বিসিবি কি এর অনুমতি দিয়েছে?

উত্তরে বিসিবি সভাপতি জানিয়েছেন, তাদেরকে না জানিয়ে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এ চুক্তি করেছেন সাকিব। এ বিষয়ে বোর্ডের কিছুই জানা ছিল না। তবে এখন যেহেতু আলোয় এসেছে বিষয়টি, তাই বোর্ডের পক্ষ থেকে সাকিবের কাছে এ বিষয়ে পরিষ্কার জানতে চাওয়া হবে, এটি সত্যিই বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কি না।

Link copied!