সোহাগের তদন্ত শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৩, ০৭:৪১ পিএম

সোহাগের তদন্ত শুরু

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হওয়া সাবেক সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে তদন্ত কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কমিটি আগেই গঠন করা হয়েছিল। তবে সেই কমিটি কাজ শুরু করল রোববার আনুষ্ঠানিক এক সভায় বসার মাধ্যমে। এই কার্যদিবসের পর থেকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেবে বাফুফের তদন্ত কমিটি।

প্রথম সভা শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের তদন্ত কমিটির এটাই প্রথম সভা। তাই প্রথম সভায় মূলত কার্যপরিধি ও পন্থা নিয়ে আলোচনা করেছি। সামনে আরো কয়েকটি সভা হবে। তদন্তাধীন অবস্থায় অনেক বিষয় আপনাদের (মিডিয়ায়) বলা যাবে না। তবে মাঝে মধ্যে আপনাদের অবহিত করব।’

ফিফা ২০১৭-২০ সাল পর্যন্ত বাফুফের আর্থিক বিষয়ে তদন্ত করেছে। সেই তদন্তের নিরিখে ১৪ এপ্রিল সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছর নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। পরবর্তীতে সোহাগকে আজীবন নিষিদ্ধ করে তদন্ত কমিটি গঠন করে খোদ বাফুফেই। ফিফার রিপোর্টের আলোকেই বাফুফে তদন্ত কমিটি কাজ করবে। তবে সেই তদন্ত কমিটির সামনে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে ডাকা হবে না বলে জানান কাজী নাবিল। তার কথায়, ‘তাকে (সোহাগ) আমরা ডাকব না। তার ব্যাপারে ফিফা ও বাফুফের বোর্ড উভয়েই সিদ্ধান্ত নিয়েছে।’ সোহাগের সঙ্গে বাফুফের আরও দুই কর্মচারী দুর্নীতিতে অভিযুক্ত। তাদের বিষয়ে কাজী  নাবিল বলেন, ‘সামনে তাদের ডাকা হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব তারা দায়িত্বরত থাকবে, না তদন্ত অবস্থায় তাদের কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে।’

 

 

Link copied!