ভারতের ৪০৪ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যার ফলে ২৫৪ রানের বিশাল লিড পেয়ে যায় সফরকারী ভারত।
ভারতের সুযোগ ছিলো বাংলাদেশকে ফলোঅন করানোর। কিন্তু তা তারা করালো না। দ্বিতীয় ইনিংসে ব্যাট করারই সিদ্ধান্ত নিলো ভারত। যে কারণে আপাতত ইনিংস পরাজয় থেকে রক্ষা পেয়েছে সাকিব আল হাসানরা।
দ্বিতীয় দিন শেষে মিরাজ ১৬ ও এবাদত ১৩ রানে অপরাজিত ছিলেন। কুলদীপের বলে এবাদত আউট হন আরও ৪ রান করার পর। মিরাজ কিছুক্ষণ টিকলেও খুব বেশি রান করতে পারেননি তিনি। আউট হন ব্যক্তিগত ২৫ রানে। ভারতের হয়ে ৫টি উইকেট নেন কুলদীপ যাদব। মোহাম্মদ সিরাজ পান ৩ উইকেট। একটি করে উইকেট নেন উমেশ যাদব ও অক্ষর প্যাটেল।
এর আগে ভারতের প্রথম ইনিংসের ৪০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।
প্রথম ইনিংসে সব কটি উইকেট হারিয়ে ৪০৪ রান সংগ্রহ করে ভারত। চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আইয়ার, দুজনেই আউট হন শতকের কাছাকাছি গিয়ে। বাংলাদেশের বোলিং লাইনআপের বিপক্ষে পূজারা ৯০ ও আইয়ার ৮৬ রান করেন। হাফসেঞ্চুরি করেন রবিচন্দ্রন অশ্বিন। বিপরীতে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ, দুজনেই পান ৪টি করে উইকেট।