নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদিনী’। এ সময় নামিবিয়া তুলেছে ৬৮ রান। তাতে বাজে শুরুটা পেছনে ফেলে শ্রীলঙ্কাকে ১৬৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে দলটি।
ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দিলেন দুষ্মন্তে চামিরা। ৬ বলে ৩ রান করে প্রমোদ মধুশানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাইকেল ফন লিংগেন।
স্টেফান বার্ড আর অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের ৪১ বলে ৪৩ রানের জুটি স্থিতি দিয়েছে নামিবিয়াকে। তবে ইরাসমাসকে হারানোর কিছু পর বার্ড আর ডেভিড ভিসার উইকেট খুইয়ে আবারও বিপাকে পড়েছিলো দলটি।
এরপর রানের চাকা সচল রাখার দায়িত্ব নেন ইয়ান ফ্রাইলিঙ্ক আর ইয়োহাম্ন স্মিট। দুজন মিলে সপ্তম উইকেট জুটিতে ৩৩ বলে যোগ করেন ৬৯ রান, যা সপ্তম বা তার নিচের উইকেট জুটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ।