বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হেসেখেলে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ১৭৬ রান করে কুমিল্লাকে ১৪২ রানে গুটিয়ে দিয়েছে সোহানের নেতৃত্বাধীন দল। এক ওভার বাকি থাকতে রংপুরের জয় ৩৪ রানে।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লাকে ৩৪ রানে হারিয়েছে রংপুর।
রংপুরের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নামা কুমিল্লার ওপেনিং জুটি ভাঙে দলীয় ২৫ রানে। রাকিবুল হাসানের বলে পেছনে দিকে সরে কাট করতে চেয়েছিলেন লিটন দাস। তবে ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ না হলে সহজ ক্যাচ চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো হাসান মাহমুদের হাতে।
এরপর উইকেটে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করেছিলেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। কিন্তু খুব বেশিক্ষণ টিকতে পারেননি। সিকান্দার রাজার বলে শর্ট থার্ডম্যানে আজমতুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। স্কোরবোর্ডে ৬ রান যোগ হওয়ার পর আরেক ওপেনার সৈকত আলীকে বোল্ড করে দেন রাজা।
দ্রুত দুই উইকেট হারানোর পর অধিনায়ক ইমরুল কায়েস নেমে চেষ্টা চালিয়েছিলেন মোসাদ্দেক হোসেনকে নিয়ে। চতুর্থ উইকেটে গড়েন ৫৮ রানের জুটি। ২৩ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলে আজমতুল্লাহর বলে বেনি হাওয়েলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক। বাকিদের মধ্যে আর কেউই দাঁড়াতে পারেননি।