২০১৭ সালের পর আবার ফিফা পুরুষ র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ ফিফা এই র্যাংকিং হালনাগাদ করেছে। র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এক ধাপ এগিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছে ফ্রান্স। আর শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
কদিন আগেই পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল হেরেছে মরক্কোর কাছে। ইউরো ২০২৪-এর বাছাইপর্বে টানা দুই জয় পেয়েছে কাতার বিশ্বকাপের রানার্স আপ দল ফ্রান্স। এ জন্য র্যাংকিংয়ে আর্জেন্টিনা-ফ্রান্সের হয়েছে উন্নতি, আর ব্রাজিলের হয়েছে অবনতি। আর্জেন্টিনার মোট পয়েন্ট এখন ১৮৪০.৯৩। ফ্রান্সের পয়েন্ট ১৮৩৮.৪৫, আর ব্রাজিলের ১৮৩৪.২১।