দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। রাবাদার করা ২৬তম ওভারের তৃতীয় বল। কাট করে পয়েন্টে বাউন্ডারির বাইরে পাঠালেন সাকিব আল হাসান। বাংলাদেশ নাম লেখায় ইতিহাসের পাতায়। ৯ উইকেটের বিশাল জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এটি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ২০০ তম জয়।

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হার। তৃতীয় ম্যাচে এসে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তামিম ইকবালের দল। আসল কাজটা করে দিয়েছেন তাসকিন আহমেদ। ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখেন ১৫৪ রানে। রান তাড়ায় নেমে তামিম-লিটনে স্বপ্নের মত শুরু হয়। লিটন ৪৮ রান করে ফিরলে ভাঙে ১২৭ রানের জুটি। যা প্রোটিয়াদের মাটতে ওপেনিংয়ে বাংলাদেশের রেকর্ড।

ক্রিজে আসেন সাকিব, তামিম থাকেন অবিচল। দুজনে শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে আসেন। তামিম ৮২ বলে ৮৭ ও সাকিব ২০ বলে ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন। প্রোটিয়াদের হয়ে একমাত্র উইকেটটি নেন কেশব মহারাজ।
দক্ষিণ আফ্রিকা: ১৫৪/১০ (৩৭ ওভার)
বাংলাদেশ: ১৫৬/১ (২৬.৩ ওভার)