ডিসেম্বর ৫, ২০২১, ১১:৪৭ এএম
এসএমই উদ্যোক্তাদের স্ত্রীদেরকেও লোন নিয়ে কাজের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে নবম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্যোক্তাদের এই পরামর্শ দেন তিনি।
ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা যেমন ব্যবসা করছেন তেমনি আপনার স্ত্রীদেরও এসএমই লোন নিয়ে কাজ করার সুযোগ করে দিন।”
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৮ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন।
এসএমই ফাউন্ডেশন করোনা ভাইরাসের কারণে ১৯ মাস বিরতির পর বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করছে। ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। প্রথমবারের মতো ১০টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মেলায় অংশ নিচ্ছে। পাশাপাশি জাতীয় এসএমই পণ্য মেলায় সারাদেশ থেকে বাছাইকৃত ৩শ’ এসএমই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যাদের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা।
ফাউন্ডেশন ২০২০ সালের মার্চ মাসে শেষ এসএমই মেলার আয়োজন করেছিল। দেশে করোনভাইরাস সংক্রমণের প্রথম কয়েকটি কেস সনাক্ত হওয়ার পরে মেলা দ্রুত বন্ধ করা হয়।
প্রদর্শনীতে যেসব পণ্য থাকবে তার মধ্যে রয়েছে পাট, পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, বেতের পণ্য, মৃৎশিল্প, সিরামিক, কৃত্রিম ফুল, গহনা, বুটিকস, খাদ্য প্রক্রিয়াকরণ, জামদানি, কৃষি প্রক্রিয়াকরণ ইত্যাদি।
এছাড়া লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল, এগ্রো মেশিনারি এবং আইটি ও কুরিয়ার সেক্টরের পণ্যও মেলায় থাকবে।
এছাড়াও, ৮ দিনব্যাপী মেলায় অর্থায়ন প্রক্রিয়া, নারী উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি উন্নয়ন এবং ৪র্থ শিল্প বিপ্লব এবং ক্লাস্টার উন্নয়নের উপর চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।