মে ১২, ২০২৩, ০৯:৪৩ পিএম
পাঁচ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্প বাস্তবায়ন ও সঠিক কার্যকর প্রকল্প প্রস্তাব করা নিয়ে সরকারপ্রধান শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করেছেন।
এছাড়া আওয়ামী লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক বা আগামী নির্বাচনকেন্দ্রিক চিন্তাভাবনা না করে দেশের কল্যাণকে অগ্রাধিকার দেয়ার অনুশাসন দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কমিটির সভায় প্রধানমন্ত্রী এসব পর্যবেক্ষণ দেন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
সভাশেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, সামনে নির্বাচন, অনেকেই বলেন, কিভাবে কি?আপনারা দেশের স্বার্থে কাজ করুন, প্রকল্প নিন, নির্বাচন নিয়ে মাথা ঘামাবেন না।"
প্রতিমন্ত্রী বলেন, নৌপরিবহন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এডিপি প্রকল্প বাস্তবায়ন পরিস্থিতি তুলনামূলক খারাপ। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রকল্প প্রস্তাব প্রণয়নে পিছিয়ে রয়েছে।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী এ পাঁচ মন্ত্রণালয়কে প্রকল্প প্রস্তাব প্রণয়নের ক্ষেত্রে আরও দক্ষতার পরিচয় দিতে নির্দেশ দিয়েছেন।"
তিনি জানান, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল মেয়াদে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৫০.৩৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এ দশ মাসে ব্যয় হয়েছে ১লাখ ১৯ হাজার ৬৪ কোটি ১৯ লাখ টাকা। চলতি বছর এডিপির মোট আকার ২ লাখ ৩৬ হাজার কোটি টাকা।