লকডাউনে এটিএম বুথে সুবিধা বাড়লো

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২১, ১০:৩৫ এএম

লকডাউনে এটিএম বুথে সুবিধা বাড়লো

মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৪ এপ্রিল ভোর ৬টায় থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউনের সময় সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। তবে এসময় এটিএম বুথ থেকে কার্ডের মাধ্যমে একজন গ্রাহক এককালীন সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

সোমবার (১২ এপ্রিল) রাতে বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবাও নিশ্চিত করতে বলা হয়েছে।

বর্তমানে বেশিরভাগ ব্যাংকের এটিএম বুথ থেকে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং কিছু কিছু ব্যাংকে বেশি টাকা উত্তোলন করা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনসাধারণের অতি জরুরি প্রয়োজন ও অত্যাবশ্যকীয় জরুরি পরিষেবা পাওয়ার নিমিত্তে দৈনন্দিন নগদ টাকার সরবরাহ নিশ্চিতকল্পে এটিএম, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকলীন সাধারণ জনগণের চাহিদা মোতাবেক নগদ টাকার সরবরাহ নিশ্চিতকরণের জন্য এটিএমসমূহ সচল ও তাতে পর্যাপ্ত টাকা সরবরাহের ব্যবস্থা করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এক্ষেত্রে এটিএম বুথে টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমার ন্যূনতম পরিমাণ হবে এক লাখ টাকা।একই সঙ্গে লকডাউনের শুরুর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) ব্যাংকের শেষ কার্যদিবস হওয়ায় এদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু রাখার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।’

 

Link copied!