এপ্রিল ৮, ২০২২, ১১:০৬ এএম
আজকে যারা টিপ নিয়ে কথা বলছে আগামীকাল তারা শাড়ি নিয়ে কথা বলবে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে ‘ক্যাম্পাসে ধর্মান্ধ, সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর অপতৎপরতার প্রতিরোধে ও যথাযথ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের দাবি’ শীর্ষক সমাবেশে সাদ্দাম এ কথা বলেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, "মোল্লাতন্ত্রের বলি হওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে আসিনি, মোল্লাতন্ত্রের কবর রচনার জন্যই আমাদের আসা। আমাদের মেয়েরা 'অবরোধবাসিনী' হওয়ার জন্য ক্যাম্পাসে আসেনি, আমাদের নারী শিক্ষার্থীরা 'সুলতানার স্বপ্ন' বাস্তবায়ন করার জন্যই এখানে এসেছে।"
সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, অসাম্প্রদায়িক দেশের জন্য পূর্ব পুরুষেরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদের চর্চা দিন দিন বেড়েই চলছে।