জুন ২২, ২০২১, ১১:৩৩ পিএম
মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ হবে বলে জানালেন শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি। মঙ্গলবার (২২ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় বৃত্তি প্রদানের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। অবশ্য পরীক্ষা নেয়া হবে কিনা বা বিকল্প পরীক্ষা বা 'অটো পাশ' করানোর কথা ভাবা হচ্ছে কিনা এ বিষয়ে কিছু জানাননি তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা জানি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে। আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা করছি। আমরা খুব শিগগিরই সিদ্ধান্তটি জানিয়ে দেবো। আর বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না।
তিনি আরও বলেন, ২০২০ সালে এসএসসি পরীক্ষা হয়েছিল সেটার ফলাফল আমরা প্রকাশ করেছি। এইচএসসি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করেছি। আমাদের কাজকর্ম বন্ধ নেই, চলছে। বিশেষ করে উপবৃত্তি কার্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নও অব্যাহত রেখেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সংযুক্ত ছিলেন। চার উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬জন শিক্ষার্থী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।