এপ্রিল ৬, ২০২৩, ১১:১৯ পিএম
ভর্তি পরীক্ষার গুচ্ছ পদ্ধতিতে থাকা না থাকার প্রশ্নে আলোচনাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ওপর সহকর্মীদের হামলা’র অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ এমন ঘটনার কথা স্বীকার করে শিক্ষকদের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
জানা গেছে, স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে বৃহস্পতিবার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় একটি কমিটি গঠন করা হয়। কমিটি গঠন বিধিসম্মত হয়নি বলে মতামত দেওয়ায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কাদেরের উপর কয়েকজন শিক্ষক চড়াও হন বলে জানিয়েছেন কাউন্সিলের একাধিক সদস্য।
তারা গণমাধ্যমকে জানান, অ্যাকাডেমিক কাউন্সিলের সব সদস্যই গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নিতে ভর্তি কমিটি গঠনের পক্ষে মত দেন। তবে আব্দুল কাদের তাতে কিছুটা দ্বিমত প্রকাশ করেন।
এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে মারতে কয়েকজন শিক্ষক ঝাঁপিয়ে পড়েন বলে জানা গেছে।
ঘটনার শিকার অধ্যাপক আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, “আগের অ্যাকাডেমিক কাউন্সিলে যে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেটা সিন্ডিকেটে গিয়ে নোট ডাউন করতে হবে। তারপর নিশ্চিত করতে হবে গুচ্ছ থেকে বের হয়ে গেছে, এরপর নতুন প্রক্রিয়া শুরু করতে হবে- এটাই আমি বলেছিলাম “
তিনি আরও বলেন, “এরপর কোনো একজন অ্যাকাডেমিক কাউন্সিল সদস্য বলেন, অ্যাকাডেমিক কমিটির মিটিংয়ে এ কথা না বলে এখানে বলছি কেন? তখন আমি কথা বলতে গিয়েছি, আমাকে কথা বলতে দেওয়া হয়নি।”
এরপর শারীরিক আক্রমণের শিকার হন জানিয়ে তিনি বলেন, “আমি শকড। শিক্ষকরা এরকম করতে পারে তা ভাবতে পারি না।” মারধরের একপর্যায়ে উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক চেয়ার থেকে উঠে হামলাকারী শিক্ষকদের থামান বলে জানান অধ্যাপক আব্দুল কাদের।