চলতি বছর পিইসি পরীক্ষাও হচ্ছে না

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২২, ১০:৩২ পিএম

চলতি বছর পিইসি পরীক্ষাও হচ্ছে না

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার মতো চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও হচ্ছে না।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান পিইসি পরীক্ষা না হওয়ার সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর  আগে, গতকাল রবিবার শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দিয়েছিলেন, গত দুই বছরের মতো এ বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। নতুন শিক্ষাক্রমেও এসব পরীক্ষার কথা নেই। আগামী বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে।

শিক্ষামন্ত্রী  বলেন, “আগামী বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে। অষ্টম শ্রেণি পর্যায়ে শুরু হবে ২০২৪ সালে। ফলে আগামী বছরও পরীক্ষা নেওয়া হবে না।”

গত ৩০ মে শিক্ষার্থীদের মূল্যায়ন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের নতুন কারিকুলামের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুই জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) যৌথ সভায় এ রূপরেখা অনুমোদন দেওয়া হয়

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণির আগে কোনো ধরনের পাবলিক পরীক্ষা নেওয়ার বিধান না থাকায় চলতি বছর থেকেই পিইসি পরীক্ষা বন্ধ হচ্ছে। মন্ত্রণালয়ের বৈঠকেও পিইসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু করে সরকার। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইবতেদায়ি পরীক্ষাও শুরু করা হয়। এরপর ২০১০ সালে শুরু হয় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জেএসসি পরীক্ষা। মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চালু করা হয় জেডিসি পরীক্ষা।

Link copied!