ছুরিকাঘাতে আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফফাত নায়েম নাফি। এ ঘটনায় নাফির বন্ধু শরিফুল মতিহার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। আহত নাফিকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। জড়িতদের শাস্তিসহ চার দফা দাবিতে সকাল ১০টার দিকে উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন।
তিনি জানান, মেসমালিক নাজমুল হোসেন, মেসের বর্ডার পাবনার হেমায়েতপুরের বাসিন্দা প্লাবন হাসান দ্বীপ ও শরিফুল ইসলাম নামের তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি মন্তব্য করতে তিনি রাজি হননি। বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন ধরমপুরের এন.আর ছাত্রাবাসে ঘটনাটি ঘটে।