জুলাই ৫, ২০২২, ০২:০১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ৷ এ পরীক্ষায় অংশ নেওয়া ৭১ হাজার ২৬২ জন শিক্ষার্থীর মধ্যে ৩টি শাখায় মোট উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১১১ জন। পাসের হার ৮ দশমিক ৫৮ শতাংশ৷ ১ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী এবার এই ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ৷
মঙ্গলবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 'ঘ' ইউনিটের ফলাফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান ৷ 'ঘ' ইউনিট বিভাগ পরিবর্তন ইউনিট হিসেবে পরিচিত ৷ গত ১১ জুন এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
'ঘ' ইউনিটের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন৷ এ ছাড়া মুঠোফোনের ম্যাসেজ অপশনে রবি, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে ডিইউ-ঘ-রোল-নাম্বার টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
‘ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ সব শিক্ষার্থীকে ৭ জুলাই বেলা ৩টা থেকে ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে ৷ কোটায় আবেদনকারীদের ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন কার্যালয়ে জমা দিতে হবে ৷ কারও ফলাফল নিয়ে সন্দেহ থাকলে তা নিরীক্ষার জন্য ১ হাজার টাকা ফি দেওয়া সাপেক্ষে ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত অনুষদের ডিন কার্যালয়ে আবেদন করা যাবে৷