ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিট বহাল থাকবে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১২:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  'ঘ' ইউনিট বহাল থাকবে

আগের বছরগুলোর মতো চলতি বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক(সম্মান) ভর্তি পরীক্ষায় 'ঘ' ইউনিট বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির বৈঠকে এ বছর 'ঘ' ইউনিট বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।”

প্রসঙ্গত, পরীক্ষার্থীদের চাপ কমাতে বিভাগ পরিবর্তনের ’ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আর নেবে না বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। গত ৭ ফেব্রুয়ারি  সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয় বলে জানান ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

তিনি গণমাধ্যমে বলেন, “আমরা বাড়তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের চাপ বাড়াতে চাই না। সেজন্য ’ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আর নেব না।। নিজে বিজ্ঞান বিভাগ থেকে পাস করে ইসলামের ইতিহাসে পড়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে বিভাগ পরিবর্তনের জন্য বাড়তি পরীক্ষাটা ছিল না। এ পরীক্ষা ছাড়াই বিভাগ পরিবর্তন করা যেত।

উপাচার্য আখতারুজ্জামান আরও বলেন, “২০২১-২২ সেশন থেকে ’ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উঠিয়ে ’ক’, ’খ’ ও ‘গ’ ইউনিটের উত্তীর্ণদের মধ্য থেকে ইউনিট ও বিভাগ পরিবর্তনের সুযোগ করে দেওয়া হবে।বাড়তি জটিলতা ছাড়া শিক্ষার্থীরা কীভাবে ইউনিট ও বিভাগ পরিবর্তন করতে পারবে, সে ব্যবস্থা আমরা নিচ্ছি। এজন্য একটা নীতিমালা লাগবে, ডিনরা সেটা তৈরি করবেন।”

এর আগে ২০২০ সালের অগাস্টে ডিনস কমিটির সভায় ঘ ইউনিট তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে শিক্ষকদের একটি অংশের বিরোধীতার মধ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিজ্ঞানের শিক্ষার্থীদের ’ক’ ইউনিটে, মানবিকের শিক্ষার্থীদের ‘খ’ ইউনিটে, বাণিজ্যের শিক্ষার্থীদের ‘গ’ ইউনিট, বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ’ঘ’ ইউনিট এবং চারুকলার জন্য ’চ’ ইউনিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। আগে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিকের শিক্ষার্থীরা ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকের বিভাগ পরিবর্তন করতে পারে।

Link copied!