ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। পাস করেছেন মাত্র ২৫৮ শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ২ দশমিক ৫৬ শতাংশ।
রোববার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
ভর্তির যোগ্য ২৫৮ জনের মধ্যে শেষ পর্যন্ত ১৩৫ জন মেধাক্রম অনুযায়ী চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ১২০ নম্বরের মধ্যে ১১০ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী কাবেরী আজাদ রেমী।
মাদারীপুরের সরকারি নাজিমউদ্দীন কলেজ থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ মারিয়াম মালিহা ১০৪ দশমিক ০৩ নম্বর পেয়ে দ্বিতীয় এবং জয়পুরহাট সরকারি কলেজ থেকে নাহিদ হাসান নিপু ১০০ দশমিক ৭৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।
চলতি বছর ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১৫ হাজার ৪৯৫ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন ১০ হাজার ৬৫ জন। পাস করেছেন মাত্র ২৫৮ জন শিক্ষার্থী।
‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা তাদের উচ্চ মাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।
এছাড়া বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU CHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানা যাবে।