দ্বন্দ্বের কারণে গুচ্ছ ভর্তি নিবে না বুয়েট

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২১, ০৯:৩৭ পিএম

দ্বন্দ্বের কারণে গুচ্ছ ভর্তি নিবে না বুয়েট

চলতি শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় সম্মতি থাকলেও কমিটি নিয়ে দ্বন্দ্বের কারনে গুচ্ছ পরীক্ষা থেকে পিছিয়ে গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। যার ফলে ভর্তি পরীক্ষার পদ্ধতি ও সময়সীমা পরিবর্তন করছে  বিশ্ববিদ্যালয়টি। এদিকে গুচ্ছ পরীক্ষায় না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

বুয়েট সরে আসায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে।

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, বুয়েট তাদের নেতৃত্বে অন্য তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে ভর্তি পরীক্ষার প্রক্রিয়ায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ বিষয়ে দ্বিমত পোষণ করায় বুয়েট গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে আপাতত বিরত থাকছে।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ইংরেজি বানানের আদ্যক্ষর দিয়ে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান হবে বলে বাকি ৩ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো প্রস্তাব দিয়েছিল। এছাড়া ভর্তি পরীক্ষা ৪ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবার কথা বলে তারা। কিন্তু এই দাবি নাকচ করে দেয় বুয়েট কর্তৃপক্ষ।

গত ২০ জানুয়ারি ইউজিসির সঙ্গে চার বিশ্ববিদ্যালয়ের বৈঠকে বুয়েটের প্রস্তাব অনুসারে, প্রতি বছর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান বুয়েট থেকে এবং পরীক্ষার কেন্দ্র শুধু বুয়েটেই হবে। তবে কমিটিতে অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর অংশীদারিত্ব থাকবে। প্রশ্নপত্র কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি তৈরি করবে। এই প্রস্তাবে বাকি তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজী না থাকার কারনে তারা বুয়েটের প্রস্তাব প্রত্যাখ্যান করে।  

Link copied!